শিরোনাম

শ্বশুরবাড়ির পুকুরে ভাসছিল পুলিশ কর্মকর্তার মরদেহ

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
শ্বশুরবাড়ির পুকুরে ভাসছিল পুলিশ কর্মকর্তার মরদেহ
ঘটনাস্থলে নিহতের স্বজনদের আহাজারি

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ির এলাকার একটি পুকুর থেকে বি. এম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নিহত কর্মকর্তার স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাইকান্দি পূর্বপাড়া গ্রামের শ্বশুর ঝুনু শেখের বাড়ির পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বি. এম মাহমুদুল ইসলাম নোবেল খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএনে এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভুঁইয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা কানিজ এবং শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সদর থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে শ্বশুর বাড়ির অদূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এফআর/