শিরোনাম

বাজারের নাম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
বাজারের নাম নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১
লাঠি হাতে দুই গ্রামবাসীর সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাসুদ মিয়া নামের ৩০ বছরের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে ‘আকবরনগর’ বাজারের নামকরণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত ‘আকবরনগর’ বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। উভয় গ্রামের বাসিন্দাই নিজেদের গ্রামের নামে বাজারটির নামকরণ করার দাবি জানিয়ে আসছিলেন। কয়েক বছর আগে সালিসের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখা হয়েছিল। তবে সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারের নাম শুধু ‘আকবরনগর’ করার দাবি জানান। অন্যদিকে, মিরারচর গ্রামের বাসিন্দারা ‘আকবরনগর-মিরারচর’ নামে বাজারটির নামকরণের দাবি করে আসছিলেন।

এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে মিরারচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

ভৈরব থানার ওসি লিমন বোস বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব যৌথভাবে কাজ করছে।

/জেএইচ/