শিরোনাম

পরের মৌসুমে লিভারপুল ‘ভিন্ন দল’ হবে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পরের মৌসুমে লিভারপুল ‘ভিন্ন দল’ হবে
লিভারপুলের কোচ আর্না স্লট। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৯ মে) অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ‘দুয়ো’ ভেসে এলো কয়েক দফা। লিভারপুলের কোচের প্রতি সমর্থকদের বিরক্তি ও ক্ষোভ এখন প্রকাশ্যই। তবে স্লটের বিশ্বাস আগামী মৌসুমেই আবার সমর্থকদের মন জয় করতে পারবেন তিনি।

চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিভারপুল। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে লিভারপুল ছিটকে পড়ে বেশ আগেই। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে পথচলা থমকে গেছে কোয়ার্টার-ফাইনালে। লিগ কাপে বিদায় নিয়েছে তারা চতুর্থ রাউন্ড থেকে।

চেলসি ম্যাচের পর স্লটকে জিজ্ঞেস করা হয়, ভক্তদের আস্থা তিনি আবার অর্জন করতে পারবেন কি না। স্লট বলেন, ‘হ্যাঁ, আমি এরকমই মনে করি…।’

আগামী দলবদলের বাজারে আরও অর্থ ঢেলে দলকে গুছিয়ে নেওয়ার আশা স্লটের। ‘এই মৌসুমে নয়…। এই মৌসুমে তাদের (সমর্থকদের) নিজস্ব মতামত থাকবে এবং তাতে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু আমরা গ্রীষ্মকালীন দলবদলের জন্য যে পরিকল্পনা করছি, তা যদি করতে পারি, তাহলে আমি শতভাগ নিশ্চিত যে, আগামী মৌসুমে আমরা এখনকার চেয়ে ভিন্ন দল হব।’

৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে আপাতত প্রিমিয়ার লিগের চার নম্বরে আছে লিভারপুল। রবিবার (১০ মে) বার্নলিকে হারালে অবশ্য চারে উঠে আসবে অ্যাস্টন ভিলা।

/টিই/