শিরোনাম

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩৯

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩৯
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যেও গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী-শিশুসহ ৩৯ জন নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহতে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নাবাতিয়েতে একটি মোটরসাইকেলে তিনবার ড্রোন হামলা চালানো হয়। এতে একজন সিরীয় নাগরিক নিহত হন এবং তার ১২ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জনে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নয়, বরং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করলেও হামলা অব্যহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্তের প্রায় ১০ কিলোমিটার ভূখণ্ড নিজেদের দখলে রেখেছে। গাজার মতো লেবাননের অনেক গ্রামও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধাপরাধের আশঙ্কা প্রকাশ করেছে।

/এসবি/