শিরোনাম

বার্সা শিরোপা জিতবে, নাকি রিয়াল রং বদলাবে

নিজস্ব প্রতিবেদক
বার্সা শিরোপা জিতবে, নাকি রিয়াল রং বদলাবে
এল-ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

নতুন করে সাজানো ক্যাম্প ন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াই। কাতালুনিয়ায় পুনর্নির্মিত ক্যাম্প ন্যুর আলোয় বাংলাদেশ সময় আজ (রবিবার) রাত ১টায় আবার মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ফুটবলবিশ্ব যে ফুটবল দ্বৈরথের নাম দিয়েছে ‘এল ক্লাসিকো’।

এল ক্লাসিকো; শুধু একটি ম্যাচ নয়, এটি ইতিহাসের সঙ্গে ইতিহাসের লড়াই, বার্সেলোনা নামের আবেগের সঙ্গে রিয়াল মাদ্রিদের অহংকারের দ্বন্দ্ব। এমন এক লড়াইয়ের আগে দুই ‘চিরশত্রু’ শিবিরের দুই রকম অবস্থা। একদিকে শিরোপার দোরগোড়ায় দাঁড়িয়ে বার্সেলোনা, অন্যদিকে ক্ষতবিক্ষত মৌসুমে শেষ সম্মানটুকু বাঁচানোর লড়াইয়ে নিমগ্ন রিয়াল মাদ্রিদ।

হান্সি ফ্লিকের বার্সা এখন লা লিগায় প্রায় অপ্রতিরোধ্য। পয়েন্ট তালিকার শীর্ষে (১১ পয়েন্ট এগিয়ে) থাকা কাতালানরা রিয়ালের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে টানা দ্বিতীয় লিগ শিরোপা। কিন্তু খেলাটা যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে, বার্সা শুধু ড্র করে শিরোপা জিততে চায় না। তারা চায় রিয়ালকে দুমড়েমুচড়ে দিয়ে বিজয়োল্লাসে মাততে। ইতিহাসও লিখতে চায় বার্সা। আজকেরটিসহ লিগের শেষ চার ম্যাচে জয় পেলেই রচিত হবে সেই ইতিহাস। ফ্লিকের বার্সেলোনা ছুঁয়ে ফেলবে লা লিগার জাদুকরী ১০০ পয়েন্টের মাইলফলক। যে মাইলফলক এর আগে ২০১১-১২ মৌসুমে ছুঁয়েছিল জোসে মরিনিওর রিয়াল আর পরের মৌসুমে টিটো ভিলানোভার বার্সা।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের আকাশে এখন কালো মেঘ। মৌসুমজুড়ে হতাশা, কোচ পরিবর্তন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ড্রেসিংরুমে অস্থিরতা— সব মিলিয়ে যেন ভেঙে পড়া এক সাম্রাজ্য। সম্প্রতি অনুশীলন মাঠে দলের দুই তারকা ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনির সংঘর্ষও আগুনে ঘি ঢেলেছে। তবু এল ক্লাসিকো মানেই পুনর্জন্মের গল্প। কারণ, সাদা জার্সির দলটি জানে একটি জয়ই বদলে দিতে পারে পুরো মৌসুমের রং।

সেই রঙ বদলানোয় রিয়ালের আশা জড়িয়ে আছে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রে। যদিও এমবাপ্পের খেলা নিয়ে আছে শঙ্কা। অন্যদিকে বার্সার আক্রমণের ভরসা থাকবেন রবার্ট লেভানডফস্কি। মাঝমাঠে ছন্দ তুলবেন পেদ্রি ও গাভি। তবে চোটের কারণে নেই বিস্ময়বালক লামিনে ইয়ামাল।

ইতিহাস বলছে, দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৬৩ বার। রিয়ালের জয় ১০৭টি, বার্সার ১০৫। সংখ্যার এই ক্ষীণ ব্যবধানই বলে দেয়- এল ক্লাসিকোতে ভবিষ্যদ্বাণী মানে কুয়াশায় আলো খোঁজা।

সর্বশেষ দুই দলের দেখা হয়েছিল স্প্যানিশ সুপার কাপে। সৌদি আরবে রোমাঞ্চ ছড়ানো সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। তবে লিগের সর্বশেষ ক্লাসিকোয় হাসি ছিল রিয়ালের মুখে। তাই আজ রাতে প্রতিশোধ, পুনরুদ্ধার আর রাজত্ব রক্ষার গল্প একসঙ্গেই যেন লেখা হবে।

ফুটবল যখন কেবল খেলা থাকে না, হয়ে ওঠে কবিতা-তখন এর নাম হয় ‘এল ক্লাসিকো’।

আজ রাতেও সেই কবিতার নতুন অধ্যায় লিখতে প্রস্তুত স্পেনের দুই পরাশক্তি ক্লাব। আর বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন ছন্দময় সেই কবিতা উপভোগ করতে।

/আরএ/টিই/