শিরোনাম

৩৮৬ রানে অলআউট পাকিস্তান, মিরাজের ৫ উইকেট

নিজস্ব প্রতিবেদক
৩৮৬ রানে অলআউট পাকিস্তান, মিরাজের ৫ উইকেট
টেস্ট ইনিংসে ১৪তম বার ৫ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪১৩ রান। একটা সময় মনে হয়েছিল বড় লিড নেবে পাকিস্তান দল। তবে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ম্যাচের মোড় ঘুরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৮৬ রানে। তাতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ ওভার ৫ বলে বিনা উইকেটে ৭ রান তুলেছে। এরপর আলোক-স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ হয়। বাংলাদেশ এগিয়ে আছে ৩৪ রানে।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৪৯ রান করেছিল পাকিস্তান। বৃষ্টির পর খেলা শরু হলে ৩৭ রানের মধ্যে বাকি ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ দল।

কাজের কাজটা করে দেন নাহিদ রানা। শর্ট লেংথে বল ফেলে গতিতে সালমানকে পরাস্ত করেন। ৫৮ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন সালমান আগা। তার ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা।

এরপর স্লিপে নাজমুলের হাতে ধরা পড়েন নোমান আলী (২)। সেটি ছিল ইনিংসে মিরাজের চতুর্থ উইকেট। ৩৭২ রানে পাকিস্তানের অষ্টম উইকেট তুলে নিয়ে লিডের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

পরে মেহেদী হাসান মিরাজ শাহিন আফ্রিদিকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে ১৪তম বার ৫ উইকেট পেলেন মিরাজ। হাসান আলীকে ফিরিয়ে বাংলাদেশের লিড নিশ্চিত করে তাইজুল ইসলাম।

/টিই/