শিরোনাম

একই মঞ্চে ম্যাডানো-শাকিরা-বিটিএস

সিটিজেন স্পোর্টস ডেস্ক
একই মঞ্চে ম্যাডানো-শাকিরা-বিটিএস
বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতিতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকারা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হবে জাঁকজমকপূর্ণ কনসার্ট। এবারর বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ সেনসেশন বিটিএস। বৃহস্পতিবার (১৪ মে) ফিফা এ ঘোষণা দিয়েছে।

পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। ফুটবল বিশ্বকাপের ফাইনালে এ ধরনের ‘হাফটাইম শো’ এবারই প্রথম। তবে এই অনুষ্ঠানের কারণে ম্যাচে বিরতির নির্ধারিত সময় কতটা বাড়বে, তা নিয়ে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছরের মার্চে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এমন শো আয়োজনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা পোস্টে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত এক আয়োজন হবে এটি।’

গত সপ্তাহে বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ের ৬৭ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করেন কলম্বিয়ান তারকা শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত গানটির শিরোনাম ‘দাই দাই’।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অনেক পুরোনো। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও গান ও পারফরম্যান্সের মাধ্যমে গ্যালারি মাতিয়েছেন এই কলম্বিয়ান কিংবদন্তি।

/টিই/