শিরোনাম

আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের দায়িত্ব দিতে পারি না: ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের দায়িত্ব দিতে পারি না: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মাঝে) ছবি: (সংগৃহীত)

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীকে আমরা রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না। আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধ করেছি। ওই সময়ে যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পক্ষে আমি না।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়ায় পথসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা হিন্দু-মুসলিম এক হয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করি। উন্নয়নে এক জোট হয়ে ধানের শীষে ভোট দেই। হিন্দু ভাই-বোনেরা অনেকেই বলছেন তাদের সুরক্ষার কথা, আপনাদের সুরক্ষা আমরা দেবো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্যারান্টি দিচ্ছি- আপনাদের সুরক্ষায় কোনো গাফিলতি হবে না।

তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে ছিলেন। সেই বিষয়টি সামনে এনে মির্জা ফখরুল আরও বলেন, দেশে এসেই তিনি (তারেক রহমান) মা-বোনদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যদি একটা ফ্যামিলি কার্ড দেওয়া হয় সে ক্ষেত্রে সস্তায় নিত্যপণ্য ক্রয় করতে পারবে। চিকিৎসা-শিক্ষাসহ সবকিছুই করতে পারবে। কৃষকদেরকেও কার্ড দেওয়া হবে।

এবার নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করবেন বলে জানান মির্জা ফখরুল।

/টিই/