শিরোনাম

খেলনা পিস্তল দিয়ে সীমান্ত রক্ষা হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

যশোর সংবাদদাতা
খেলনা পিস্তল দিয়ে সীমান্ত রক্ষা হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে বক্তব্য দিচ্ছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির পেছনে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে। বিজিবির হাতে খেলনা পিস্তল দিয়ে সীমান্ত রক্ষা করা যাবে না। তাদের আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার দিতে হবে এবং সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৩ জুন) দুপুরে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষের সমস্যা দেখার কেউ নেই। এসব এলাকায় পর্যাপ্ত হাসপাতাল, স্কুল কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা নেই। জীবিকার তাগিদে সীমান্তবাসী কোনো চোরাচালানে জড়ায় না, বরং ভারতীয়রাই এসব অপকর্ম করে বাংলাদেশের ওপর দোষ চাপায়।

তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক অপরাধ করলেও বিচার ছাড়া সীমান্তে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের ভূখণ্ড বা সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে তা দেশের মানুষ সহ্য করবে না। রক্ত দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষা করা হবে।

/এসবি/