শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে শোকজ

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। জুলাই শহীদের পিতাকে হুমকি ও দোকান দখলের চেষ্টার অভিযোগের ঘটনায় এ নোটিশ দেওয়া হয়েছে বলেছে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে।

নোটিশ পাওয়া তিন নেতা হলেন- জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা এবং সদস্য মো. জাহিদ হাসান ও এস এম তানিম হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শোকজপ্রাপ্ত যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম রেজা বলেন, কিছুদিন আগে জুলাই শহীদের পিতাকে হুমকি এবং দোকান দখলের অভিযোগের ঘটনায় আমি আমার অবস্থান সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার করেছি। এ ঘটনায় আমার সম্পৃক্ততা নেই।

সদস্য মো. এস এম তানিম হাসান বলেন, আমি শোকজের কারণ জানি না। আমাকে অবগত করা হয়নি।

সদস্য মো. জাহিদ হাসান বলেন, সেলিম রেজা ভাইয়ের বিষয়ের ঘটনা আমি জানতাম না। নিউজ হওয়ার পর জেনেছি। আমি সংগঠন বিরোধী কোন ঘটনায় জড়িত নই।

/এসআর/