শিরোনাম

ইরানের প্রতি সহানুভূতি: পদ হারালেন বাহরাইনের ৩ এমপি

সিটিজেন ডেস্ক
ইরানের প্রতি সহানুভূতি: পদ হারালেন বাহরাইনের ৩ এমপি
বাহরাইনের পার্লামেন্ট। ছবি: সংগৃহীত

ইরানের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে বাহরাইনের জাতীয় সংসদ থেকে তিন আইনপ্রণেতাকে বহিষ্কার করা হয়েছে। ইরানের সমর্থকদের বিরুদ্ধে গৃহীত সরকারি পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তারা।

বৃহস্পতিবার (৭ মে) দেশটির কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভসে ৩৬ জন আইনপ্রণেতার সমর্থনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চূড়ান্ত ভোটের আগে অনুরোধটি আইন ও আইনি বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছিল।

বহিষ্কৃত ৩ সংসদ সদস্য হলেন, আব্দুলনাবি সালমান আহমেদ, মামদুহ আব্বাস আল সালেহ এবং মাহদি আব্দুল আজিজ আল শুওয়াইখ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাহারাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থন করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলসহ সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের সমালোচনা করেছিলেন।

প্রস্তাবটির সমর্থকরা বলেছেন, তিনজন এমপির মন্তব্য জাতীয় ঐক্য ও জনআস্থাকে ক্ষুণ্ণ করেছে এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের দায়িত্বের লঙ্ঘন ঘটিয়েছে।

সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান এবং অভ্যন্তরীণ নীতিমালা মেনেই এই ৩ এমপির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/