শিরোনাম

বিরোধী দল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
বিরোধী দল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিরোধী দল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে। জনগণ যদি মনে করে বিরোধী দলের কথা ইতিবাচক, তাহলে জনগণই সেটার মূল্যায়ন করবে। জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সারাদেশের জেলা পর্যায়ের নেতারা এ সভায় বক্তব্য দেবেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতারা সাংগঠনিক বিষয় এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। একইসঙ্গে সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয়ও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য ১৬ বছর লড়াই করেছি। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত।

বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়। রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়। যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নেয় এবং মিথ্যা কথা বলে, তাহলে সেটা ষড়যন্ত্র।

/এসবি/