শিরোনাম

ক্রুড অয়েল সরবরাহের পর চালু হলো ইস্টার্ন রিফাইনারি

চট্টগ্রাম সংবাদদাতা
ক্রুড অয়েল সরবরাহের পর চালু হলো ইস্টার্ন রিফাইনারি
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে আসা অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগারটি ফের উৎপাদনে ফিরেছে।

শুক্রবার (৮ মে) ইস্টার্ন রিফাইনারির বিভিন্ন ইউনিটে উৎপাদন শুরু হয়ে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ হাসনাত। তিনি গণমাধ্যমকে বলেন, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হয়েছে। সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম শুরু করেছি। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে পুরোদমে উৎপাদনে যাওয়া সম্ভব হবে।

ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা জানান, শুরুতেই উৎপাদন পূর্ণমাত্রায় না হলেও তা পর্যায়ক্রমে বাড়ানো হবে।

২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর দেশে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে না পারায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। যুদ্ধ শুরুর আগে গত ১৮ ফেব্রুয়ারি সর্বশেষ ক্রুড অয়েলের চালান এসেছিল।

বুধবার (৬ মে) দুপুরে ১ লাখ টন ক্রুড অয়েলের চালান নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ কুতুবদিয়া চ্যানেলে আসে।

ক্রুড অয়েল শোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন, জেট ফুয়েল, ন্যাপথা, বিটুমিন, এলপিজিসহ ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করছে ইস্টার্ন রিফাইনারি। তবে ডিজেলই উৎপাদন করে সবচেয়ে বেশি।

/এফসি/