শিরোনাম

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা আদালতের

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা আদালতের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ নীতিকে অবৈধ ও আইন বহির্ভূত হিসেবে রায় দিয়েছেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য আদালত। বৃহস্পতিবার (৭ মে) ৩ সদস্যের বিচারপতির একটি বেঞ্চ এ ঐতিহাসিক রায় প্রদান করেন, যা ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির ওপর বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ) আইনের অধীনে প্রেসিডেন্ট যে বেইসলাইন শুল্ক আরোপ করেছিলেন, আইন তাকে এমন কোনো নির্দেশনা প্রদানের অনুমোদন দেয় না। ৩ জন বিচারপতির মধ্যে ২ জন এ রায়ের পক্ষে অবস্থান নিলেও তৃতীয় জন মনে করেন ট্রাম্পের পদক্ষেপ আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে ফেডারেল কোর্টের সমমর্যাদার এ আদালতের রায় বাতিল করতে চাইলে ট্রাম্প প্রশাসনকে এখন ওয়াশিংটনের ‘ইউএস কোর্ট অব আপিল ফর দ্য ফেডারেল সার্কিট’ এ আবেদন করতে হবে, যার চূড়ান্ত ফয়সালা হতে পারে সুপ্রিম কোর্টে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল আইইইপিএ আইনের আওতায় ডোনাল্ড ট্রাম্প এ শুল্কনীতি ঘোষণা করেছিলেন, যা চীন, ভারত, কানাডা ও মেক্সিকোর মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েন তৈরি করে। গত এক বছরে এ শুল্কের সুবাদে যুক্তরাষ্ট্র প্রায় ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার অতিরিক্ত রাজস্ব আয় করেছে। এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টও ট্রাম্পের এ শুল্কনীতিকে বিধি বহির্ভূত বলে ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং সেদিনই ১৯৭৪ সালের বাণিজ্য আইনের (ট্রেড অ্যাক্ট) দোহাই দিয়ে বিশ্বের প্রায় সব দেশের ওপর অস্থায়ীভাবে পুনরায় ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। প্রেসিডেন্টের দেওয়া সেই সময়সীমা অনুযায়ী, আগামী ২৪ জুলাই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য আদালতের নতুন রায় ট্রাম্পের দীর্ঘমেয়াদী বাণিজ্য কৌশলকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো।

সূত্র: এপি

/এমএকে/