শিরোনাম

গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা
গণতন্ত্র চাপা থাকলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে: মির্জা ফখরুল
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যখন চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান ঘটে। তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। এটাই তার সবচেয়ে বড় শক্তি। বিএনপি সরকারে ছিল, সরকার হিসেবে কাজ করেছে। বিএনপির কথাগুলো যখন গ্রহণ করেছে তখন এমন বিজয় হয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় কমিটমেন্টে অটুট থাকি। ফ্যাস্টিটদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করেছি। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব।

তিনি বলেন, এরইমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফসি/