শিরোনাম

নারী ও শিশু নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নারী ও শিশু নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে জামায়াতের মহিলা শাখার মানববন্ধন ছবি: সিটিজেন জার্নাল

দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেত্রীরা। একই সঙ্গে তারা এই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা এই দাবি জানান ।

মানববন্ধনে জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর সহিংসতার ঘটনা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার জন্য সরকারকেই দায় নিয়ে হবে। তারা বলেন, রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার ঘটনার কোনো বিচার হচ্ছে না।

জামায়াতের নারী নেত্রীরা আরও অভিযোগ করেন, অনেক আসামিকে রাজনৈতিক নেতারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। সামাজিক অবক্ষয় একেবারে তলানিতে চলে যাওয়াতেই ৬ বছরের শিশু ধর্ষিত হচ্ছে। গণমাধ্যম সরকারপ্রধানের প্রতি মুহূর্তের খবর প্রচার করলেও, বিভিন্ন স্থানে হওয়া হত্যা-নির্যাতনের বিষয়গুলো সেভাবে তুলে ধরছে না।

যারা এমন ঘৃণ্য অপরাধ করছে তাদের দলীয় পরিচয় না দেখে যেন দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত নেত্রীরা। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তারা। এ সময় জাময়াতের পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হাবিবা আখতার সুইটি, মহিলা বিভাগের সেক্রটারি নুরন্নেসা সিদ্দীকা, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাকিবুন্নেসা মুন্নিসহ ঢাকা বিভাগের আরও অনেক উচ্চপর্যায়ের নেত্রী উপস্থিত ছিলেন।

/বিবি/