শিরোনাম

আচরণ পরিত্যাগ না করলে পাল্টা আঘাত হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
আচরণ পরিত্যাগ না করলে পাল্টা আঘাত হবে: নাহিদ ইসলাম
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর গায়ে ডিম নিক্ষেপের প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনে কথার লড়াই থাকবে। এটা মেনে না নিতে পেরে আক্রমণ করা হচ্ছে। এভাবে চললে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বলবো, এগুলো পরিত্যাগ করুন, না হলে আমরাও পাল্টা আঘাত করবো।’

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হাতিরঝিলে সামাজিক সংগঠন ‘ভোরের সাথি প্রভাতি সংঘ’ এর সদস্যদের সঙ্গে নির্বাচনি প্রচারণা চলাকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কেউ যদি মনে করে জোর করে, দখল করে নির্বাচনে জিতে আসবে, সেই ধারণা ভুলে যেতে হবে। এখানে সুষ্ঠু ভোটের মাধ্যমেই জয়-পরাজয় নির্ধারণ হবে। গতকাল আপনারা যে আচরণ করেছেন সেগুলো পরিত্যাগ করুন। নয়তো পাল্টা আঘাত আসবে।’

তিনি বলেন, ‘আমাদের অফিসে গুলি করা হয়েছে। সরাসরি না হলে পরোক্ষভাবে বাধা দেওয়া হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলেছি। এছাড়া এই আসনের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে, সেটা নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।’

এলাকার সমস্যার কথা উল্লেখ করে ১১ দলীয় জোটের এই প্রার্থী বলেন, ‘এখানে অনেক কিছুই অপরিকল্পিতভাবে করা হয়েছে। খেলার মাঠ নেই বরং দখল করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধার করা হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গ্যাস, বিদ্যুতের সংকট আছে, যানজট বড় সমস্যা, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারীদের চলাফেরায় হুমকি ও নিপীড়ন এগুলো আছে। আমরা মনে করেছি ৫ আগস্টের পর কমবে, কিন্তু সেই ধরনের কোনও উন্নতি হয়নি। বরং চাঁদাবাজি বেড়েছে। আমরা কোনও চাঁদাবাজ রাখবো না।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় আবার ডিম নিক্ষেপ করা হয়। রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটি প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপি মনে করে, এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছে এনসিপি।

/জেএইচ/