শিরোনাম

মুঠোফোন যেভাবে সম্পর্ক নষ্ট করছে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মুঠোফোন যেভাবে সম্পর্ক নষ্ট করছে
প্রতীকী ছবি

একটা সময় ছিলো যখন দম্পতিরা একে অপরের কথা শোনার জন্য অপেক্ষা করতো। সারাদিনের কর্ম শেষে বাড়ি ফিরে সাংসারিক হিসাবের পাশাপাশি চলতো গল্পের ফুলঝুরি। তবে সেই দিন যেনো অতীত হয়ে গেছে। প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে চলে এসেছে মুঠোফোন। বাড়িতে ফিরে কোনোরকম পোশাক পাল্টিয়েই ফোন নিয়ে পড়ে থাকেন। উভয়ের দৃষ্টি থাকে যার যার স্ক্রিনে। সকালের নাস্তায়ও দেখা যায় এমন দৃশ্য। এর ফলে সম্পর্কের মধ্যে অনেকটা নীরবেই দূরত্ব তৈরি হচ্ছে।

সমস্যা এটা নয় আপনি কতক্ষণ মুঠোফোনে সময় ব্যয় করছেন, সমস্যা আপনি কতটুকু সময় প্রিয়জনের সান্নিধ্যে থাকছেন সেটা। মুখের দুটি ভালো কথা, একটুখানি হাসি কিংবা সামান্য অভিমানের বদলে ফোনের স্ক্রিনে সময় কাটাতে পছন্দ করতে শুরু করলে সেটা হবে রেড সিগন্যাল। জেনে নিন ফোন কীভাবে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে-

ফোন বেশি গুরুত্বপূর্ণ

সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরে আপনার সময় কীভাবে কাটছে সেটা নিয়ে ভাবুন। আপনারা দুজনেই কি মুঠোফোনে ব্যস্ত আছেন? ফেসবুক ভিডিও কিংবা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে হারিয়ে যাচ্ছেন? কাজের পরে আপনার প্রথম প্রবৃত্তি যদি সঙ্গীকে তার দিন কেমন গেল জিজ্ঞাসা করার পরিবর্তে ফোন আনলক করা হয়, তাহলেই চিন্তার বিষয়। আপনাদের মানসিক সংযোগ ধীরে ধীরে দূর হয়ে যেতে পারে। ছোট ছোট কথোপকথনের মাধ্যমে সম্পর্ক তৈরি হয়। কিন্তু আপনাদের মাঝে সেই বিষয়টি প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে।

ক্রমাগত উপেক্ষিত

কথা বলার প্রথম শর্ত হলো একে অপরের দিকে তাকানো। যাদের নজর ফোনের স্ক্রিনের দিকে থাকে, তাদের সঙ্গে কথা বলে জমে না। দেখা গেলো আপনি ভালো কোনো খবর ভাগ করে নিচ্ছেন, গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছেন বা আপনার দিন সম্পর্কে জানাচ্ছেন, কিন্তু আপনার সঙ্গীর মনোযোগ স্ক্রিনে। তখন চরম বিরক্তি লাগা স্বাভাবিক। শুধু বিরক্তিই নয়, ক্রমাগত এমনটি হতে থাকলে নিজেকে উপেক্ষিত মনে হয়।

বিরতিতে স্ক্রিনে নজর

কথা বলার পাশাপাশি মাঝে মাঝে নীরব থাকাও আরামদায়ক। তবে প্রতিটি নীরব মুহূর্তেই যদি ফোনের স্ক্রিনে নজর চলে যায়, তখন নীরবতা আর সুন্দর থাকে না। আপনারা তখন একই ঘরে বাস করেও ডিজিটাল জগতে বাস করতে শুরু করেন। পরস্পরের সঙ্গ অনুভবের সেই ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তখন ধীরে ধীরে হারিয়ে যায়।

স্ক্রিন টাইম নিয়ে ঝগড়া

আপনার সঙ্গী কি কখনও বলেছেন যে আপনি সব সময় ফোন নিয়ে পড়ে থাকেন? তাকে সময় দেন না! যদি এমন ঝগড়া হয়ে থাকে, তবে সতর্ক হওয়া জরুরি। কারণ এর ফলে আপনাদের সম্পর্কে তিক্ততা শুরু হতে পারে।

অপরিচিতদের সম্পর্কে বেশি জানা

আপনার প্রিয়জন পাশে আছে, কিন্তু খোঁজ নিচ্ছেন আরেকজনের। আপনি হয়তো জানেন আপনার প্রিয় মানুষটি রাতে কী খেয়েছে, অথবা কোন তারকা কার সঙ্গে ডেটিংয়ে আছেন। কিন্তু আপনি কি জানেন আপনার সঙ্গী ইদানীং কি নিয়ে চিন্তিত? সে কীসের জন্য অপেক্ষা করছে অথবা তার জীবনের বর্তমান সুখের ঘটনা কোনটি? প্রিয়জনের চেয়ে অপরিচতজন যখন আপনার জীবনে বেশি জায়গা দখল করে নেবে, তখন সেই সম্পর্ক আর বেশিদিন টেকে না।

তাই দাম্পত্য জীবন সুখের করতে মুঠোফোনে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সঙ্গীকে বেশি বেশি সময় দিতে হবে।

/জেএইচ/