শিরোনাম

হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না: ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না: ইরান
হরমুজ প্রণালি। ছবি: এপি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা।

রবিবার (২৬ এপ্রিল) জলপথটিতে জাহাজ চলাচলের ওপর ইরানের বর্তমান নিয়ন্ত্রণ এবং দেশটির বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইরানের সংসদের দ্বিতীয় ডেপুটি স্পিকার আলী নিকজাদ আধা-সরকারি মেহর নিউজ এজেন্সিকে বলেন, ‘আমরা কোনোভাবেই হরমুজ প্রণালিকে তার আগের অবস্থায় ফিরতে দেব না। এটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনার অংশ।’

তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথে নিজেদের কৌশলগত অবস্থান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই তেহরান কার্যত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে। এর পর ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌ অবরোধ আরোপ করে, যা এশিয়াসহ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি করে।

এদিকে, সংঘাত প্রশমনের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা পরে আরও কিছু সময়ের জন্য বাড়ানো হয়েছিল। সংশ্লিষ্ট পক্ষগুলো এখন পরবর্তী দফার আলোচনার পথ খুঁজছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/