শিরোনাম

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও আলোচনা নিয়ে সংশয়

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও আলোচনা নিয়ে সংশয়
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফা আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাইদ ইরাভানি।

বুধবার (২২ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করে নিলেই ইসলামাবাদে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে।’

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ইরানের ওপর নৌ অবরোধ (ব্লকেড) বজায় রাখারও নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের দাবি, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য হামলা স্থগিত রাখছে তারা। তিনি আরও বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আজ বুধবার শেষ হওয়ার কথা ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো গুরুত্ব বহন করে না’ বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি বলেন, যে পক্ষ হেরে যাচ্ছে, তারা শর্ত চাপিয়ে দিতে পারে না।

মাহদি আরও বলেন, অবরোধ চালিয়ে যাওয়া আর বোমা হামলার মধ্যে কোনো পার্থক্য নেই। এটির জবাব সামরিকভাবেই দিতে হবে।

সূত্র: সিএনএন

/জেএইচ/