শিরোনাম

আবারও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

সিটিজেন ডেস্ক
আবারও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে গেছে।

এমনকি প্রণালি অতিক্রম করার পথে থাকা বেশ কিছু জাহাজ মাঝপথ থেকেই ফিরে এসেছে, যা বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা সামুদ্রিক গোয়েন্দা সংস্থা লয়েডস লিস্টের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এ অবরোধ ঘোষণার পরপরই তাৎক্ষণিকভাবে নৌপথটির কার্যক্রম পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।

লয়েডস লিস্টের তথ্যমতে, ট্রাম্পের অবরোধ ঘোষণার আগে রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত সীমিত পরিসরে হলেও এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহত ছিল। বিশেষ করে শনিবার (১১ এপ্রিল) সাময়িক যুদ্ধবিরতির সুযোগ নিয়ে শিপিং কোম্পানিগুলো ঝুঁকি সত্ত্বেও মধ্যপ্রাচ্য উপসাগর থেকে তাদের কিছু জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় সেসময় জাহাজ চলাচল কিছুটা বৃদ্ধি পেয়েছিল।

নতুন নৌ অবরোধের ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। সামুদ্রিক বিশ্লেষকদের মতে, বর্তমানে এ পথে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার মুখে থাকা অন্তত দুটি জাহাজ বাধ্য হয়ে পুনরায় আগের অবস্থানে ফিরে গেছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/