শিরোনাম

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন
মো. আলতাফ হুসাইন। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এরপর জানানো হয় তার স্থানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনকে। সোমবার (১৩ এপ্রিল) থেকে তার দায়িত্ব কার্যকর হবে।

ইসলামী ব্যাংক সূত্র জানায়, রবিবার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংকের নিয়মিত বোর্ড মিটিংয়ে এমডি ওমর ফারুককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তে সায় ছিল বাংলাদেশ ব্যাংকেরও। তবে তাৎক্ষণিক তা যাচাই করা যায়নি।

তবে ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এমডিকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। সাধারণত কোনো এমডিকে অপসারণ করতে চাইলে ব্যাংকের পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এ ক্ষেত্রে আগেই বাংলাদেশ ব্যাংক থেকে এমডিকে সরানোর বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

অন্য কর্মকর্তারা জানান, শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন এমডি মো. ওমর ফারুক খান। এ ছুটি ২৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যুক্ত করে আগামী ৩০ মে পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা ১৩ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে।

/টিই/