শিরোনাম

হরমুজ সচলে মার্কিন বাহিনীর মাইন অপসারণ অভিযান

সিটিজেন ডেস্ক
হরমুজ সচলে মার্কিন বাহিনীর মাইন অপসারণ অভিযান
জলমাইন (বামে) ও মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন। ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রণালিটি থেকে ইরানের মোতায়েন করা মাইন অপসারণ শুরু করার পাশাপাশি দেশটির সমস্ত বন্দরে নৌ অবরোধ ঘোষণা করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সংঘাত শুরুর পর প্রথম ২০০ কোটি ডলার মূল্যের দুটি শক্তিশালী গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফিকে হরমুজ প্রণালিতে পাঠানো হয়েছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে কুপার জানিয়েছেন, এ অভিযানের মূল লক্ষ্য কেবল সন্দেহভাজন হুমকি দূর করা নয়, বরং একটি সুনির্দিষ্ট ও নিরাপদ পরিবহন পথ চিহ্নিত করা, যাতে বাণিজ্যিক জাহাজগুলো পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে চলাচল করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচারস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মিত্রদের সমর্থনে অত্যাধুনিক ও প্রচলিত মাইন অপসারণ পদ্ধতির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, সেখানে অত্যন্ত উন্নতমানের ডুবো মাইনসুইপার মোতায়েন করা হয়েছে এবং যুক্তরাজ্যসহ আরও কয়েকটি বন্ধুরাষ্ট্র দ্রুত মাইনসুইপার পাঠাচ্ছে। ট্রাম্প আরও যোগ করেন, নাম প্রকাশ না করলেও উপসাগরীয় দেশগুলোও এ প্রক্রিয়ায় সহায়তা করছে এবং খুব শীঘ্রই এ জলপথটি নিরাপদ ও কার্যকর হয়ে উঠবে।

মাইন পাতা সম্ভাব্য জলসীমায় জাহাজ পাঠানোর পরিবর্তে মার্কিন নৌবাহিনী ঝুঁকি কমাতে দূর থেকে নিয়ন্ত্রিত ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে বর্তমানে ডুবো ড্রোন এবং বিশেষায়িত হেলিকপ্টারসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে ওয়াশিংটনের এ অভিযানের দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রণালিতে প্রবেশ করেনি এবং এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহকারী এ অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/