শিরোনাম

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে আটক ৪

সিটিজেন ডেস্ক
ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে আটক ৪
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং দেশটির পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে ইসরায়েলে তিন সেনাসদস্য ও এক বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সংবেদনশীল সামরিক স্থাপনার তথ্য সংগ্রহ ও চিত্র ধারণের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক থাকাকালীন ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে তারা বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহের কাজে জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এবং দেশটির পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব স্থানের সঙ্গে তাদের ব্যক্তিগত সংযোগ ছিল এবং কয়েকজন সেখানে পড়াশোনাও করেছিলেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ আরও দাবি করেছে, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্বেচ্ছায় ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিল।

ওয়াইনেটের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের গত মার্চ মাসেই গ্রেপ্তার করা হয়েছিল। তবে আজ ইসরায়েলের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/