শিরোনাম

ইরান যুদ্ধে বিশ্ব বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলার

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধে বিশ্ব বিমান শিল্পে ক্ষতি ৫৩ বিলিয়ন ডলার
ফ্লাইট শিডিউল বাতিল। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে এভিয়েশন বা বিমান পরিবহন শিল্পে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এ সংঘাতের জেরে বিশ্বের শীর্ষ ২০টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজারমূল্য প্রায় ৫৩ বিলিয়ন ডলার কমে গেছে।

করোনা মহামারির পর বৈশ্বিক বিমান শিল্প সবচেয়ে বড় এবং ভয়াবহ সংকটের সম্মুখীন হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য তথা উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হাব বিমানবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথের সীমাবদ্ধতায় বাধ্য হয়ে অসংখ্য ফ্লাইট বাতিল বা বন্ধ রেখেছে এয়ারলাইন্সগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধ এর মধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। দীর্ঘ এ সংঘাতের কারণে চরম জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছেন বিমান সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা।

সাধারণত একটি বিমান সংস্থার মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই খরচ হয় জ্বালানি খাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে এ জ্বালানির দাম ইতোমধ্যেই দ্বিগুণ হয়ে গেছে। জ্বালানির দাম ও পরিচালন ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় বিশ্বব্যাপী অচিরেই যাত্রীবাহী বিমানের ভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এমএকে/