শিরোনাম

মোংলা বন্দরের চেয়ারম্যান পদে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ

সিটিজেন ডেস্ক
মোংলা বন্দরের চেয়ারম্যান পদে রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ
রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। রবিবার (৭ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে বন্দরের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মো. শফিকুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সিবিএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নতুন চেয়ারম্যানকে বন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন ও অসমাপ্ত প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক নানা বিষয় সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বন্দরের সামগ্রিক উন্নয়ন ও কার্যক্রমের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমানো গেলে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। একই সঙ্গে আয় বৃদ্ধির সুযোগ খুঁজে বের করা এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার নির্দেশনা দেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

নতুন চেয়ারম্যান বন্দর ব্যবহারকারী বিভিন্ন অংশীজনের সঙ্গে দ্রুত মতবিনিময় সভা আয়োজনের আগ্রহও প্রকাশ করেন। তার মতে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বন্দরের সেবা ও কার্যক্রমকে আরও উন্নত করতে সহায়ক হবে।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯২ সালে তিনি নির্বাহী শাখায় কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মোংলা বন্দরে যোগদানের আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, প্রশিক্ষণ ও স্টাফ পর্যায়ের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

পেশাগত জীবনে তিনি ফ্রিগেট বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করে নৌবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বন্দরের উন্নয়ন কার্যক্রম, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

/এমআর/