শিরোনাম

পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো– আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬)। তাদের মধ্যে আব্দুর রহিম সাতমেরা ইউনিয়নের শিতলী হাসনা এলাকার প্রয়াত জাকির হোসেনের ছেলে এবং রাজীব হোসেন একই ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। নিহতরা স্থানীয় দশমাইল নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে দশমাইল এলাকায় একটি পুকুরে গোসল করতে যায় নিহত রহিম ও লাবিব। তবে তারা সাঁতার না জানায় একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পুকুরে তল্লাশি চালায় স্থানীয়রা। পরে পানির নিচ থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/