শিরোনাম

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক
 হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৮৭ জন। রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে রবিবার (৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৬৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাম শনাক্ত হওয়ার পর ৯১ জন এবং কেবল হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ শিশু। এ সময়ের মধ্যে মোট ৭৯ হাজার ১২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৬৪ হাজার ২৬৩ জনকে। তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৬০ হাজার ৮৪ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে।

/এমএকে/