শিরোনাম

দ্বিতীয় দফা আলোচনায় বসছে না ইরান

সিটিজেন ডেস্ক
দ্বিতীয় দফা আলোচনায় বসছে না ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাদ আরাঘচি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পরবিরোধী বক্তব্য’– এসব কারণে আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে ইরান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছেন। তবে ইরান আগেই বলেছে, অবরোধ বহাল থাকলে তারা আলোচনায় বসবে না।

সম্প্রতি মার্কিন ডেস্ট্রয়ার একটি ইরানি জাহাজে গুলি চালিয়ে সেটি আটক করে। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় তেহরান পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরানি জাহাজে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘অবরোধ জোরদার করে, যুদ্ধাপরাধের হুমকি দিয়ে এবং অযৌক্তিক দাবি তুলে কূটনৈতিক আলোচনা হয় না।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত ঠেকাতে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২২ এপ্রিল শেষ হবে এই মেয়াদ।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখনো একটি শান্তি চুক্তির ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছি। আশা করি তারা তা গ্রহণ করবে।’

তবে চুক্তি না হলে ইরানের অবকাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

সূত্র: ইরান, এনডিটিভি

/জেএইচ/