শিরোনাম

বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সিটিজেন ডেস্ক
বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ
ছবি: সিটিজেন জার্নাল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে ভাড়া কতো বাড়ানো হবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব দেবে বিআরটিএ। পরে সড়ক পরিবহন মন্ত্রণালয় বাস-মিনিবাসের ভাড়া বাড়বে নাকি বাড়বে না এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের মূল্য ১ টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া ১ পয়সা বাড়ানো বা কমানো হয়। এই রীতি দীর্ঘদিন ধরেই চলে এসেছে। এক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের পর বাস-মিনিবাসের ব্যয় সমন্বয় করা হয়নি। এর মধ্যে ডলারের মূল্যবৃদ্ধি পেয়েছে, যার ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ বেড়েছে। সেটাও আমলে নিতে হবে।

বিআরটিএর এক কর্মকর্তা জানিয়েছেন, তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন মালিকদের দাবি– এই দুটির সমন্বয় করে একটি প্রস্তাব আজ মন্ত্রণালয়ে পাঠাবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়াও সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

/জেএইচ/