শিরোনাম

আজ শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকা দান কর্মসূচি

সিটিজেন ডেস্ক
আজ শুরু হচ্ছে দেশব্যাপী হামের টিকা দান কর্মসূচি
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৭০ লাখ শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) তথ্য অনুযায়ী, প্রথম দিনেই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ২৩ হাজার ৭৫৯ জন শিশুকে। আগামী ৩ সপ্তাহ ধরে মোট ১১টি কর্মদিবসে এ কার্যক্রম চলবে। মূলত সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩ মে নির্ধারিত কর্মসূচি ১৩ দিন এগিয়ে আজ থেকে শুরু করা হয়েছে।

দেশব্যাপী মোট দুই লাখ ৮২ হাজার ৫১০টি টিকাকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে, যার মধ্যে গ্রামীণ পর্যায়ের মানুষের সুবিধার্থে এক লাখ ৩০ হাজার অস্থায়ী কেন্দ্র রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক ভিডিও বার্তায় অভিভাবক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৯৭ জন। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে হামে নিশ্চিতভাবে ৩৬ জন এবং উপসর্গ নিয়ে ১৮১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে, যার মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

/এমএকে/