শিরোনাম

আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার

সিটিজেন ডেস্ক
আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার
মেয়েকে সঙ্গে নিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মেয়ে কিম জু আয়েকে সঙ্গে নিয়ে অত্যন্ত বিধ্বংসী ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। সোমবার (২০ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার দেশটি এমন শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালাল, যা মূলত তাদের সামরিক আঘাতের সক্ষমতা বৃদ্ধির একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় কিম ও তার মেয়েকে উপকূলীয় একটি পর্যবেক্ষণ কেন্দ্রে কালো রঙের চামড়ার জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের মতে, কিম জু আয়েকে পিয়ংইয়ংয়ের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে। অভিযানে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পাঁচটি হুয়াসং-১১ সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। বিশেষ প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রগুলো ক্লাস্টার বোমা এবং ফ্র্যাগমেন্টেশন মাইন ওয়ারহেড বহনে সক্ষম এবং এগুলো সফলভাবে সমুদ্রের একটি নির্ধারিত দ্বীপে আঘাত হেনেছে।

উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করে কিম জং উন বলেন, উচ্চ ঘনত্বের এ অস্ত্রগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে শত্রুর ওপর আঘাত হানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে চলতি মাসের শুরুর দিকে চালানো পরীক্ষায় দেশটি জানিয়েছিল, তাদের ক্ষেপণাস্ত্র ৬.৫ থেকে ৭ হেক্টর এলাকা পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। রবিবার (১৯ এপ্রিল) দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র যে ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছিল, পিয়ংইয়ংয়ের এই সফল পরীক্ষাটি মূলত তারই অংশ। আকাশেই বিস্ফোরিত হয়ে বিস্তৃত এলাকায় বোমা ছড়িয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন এই প্রযুক্তি যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। মূলত বিশ্বজুড়ে আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপট ও এ ধরনের অস্ত্রের কার্যকারিতা বিবেচনায় নিয়ে উত্তর কোরিয়া এখন তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনে আরও বেশি মনোযোগী হয়েছে।

সূত্র: এপি

/এমএকে/