শিরোনাম

দীর্ঘ বিরতি শেষে ক্লাসে ফিরলো আমিরাতের শিক্ষার্থীরা

সিটিজেন ডেস্ক
দীর্ঘ বিরতি শেষে ক্লাসে ফিরলো আমিরাতের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে দীর্ঘস্থায়ী উত্তেজনা ও বিরতি কাটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে সশরীরে পাঠদান শুরু হয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর সোমবার (২০ এপ্রিল) থেকে দেশটির স্কুলগুলো খুলে দেওয়ায় শিক্ষাঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে। ভোর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সন্তানদের পৌঁছে দিতে আসা অভিভাবকদের ভিড় এবং দীর্ঘ বিরতির পর রাস্তায় হলুদ রঙের স্কুল বাসের উপস্থিতি জনজীবনে স্বাভাবিক ছন্দ ফেরার ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাবে আজ শহরের সড়কগুলোতে যানবাহনের চাপও ছিল লক্ষণীয়।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাসিমুখে তারা ক্যাম্পাসে প্রবেশ করছে এবং শিক্ষক-বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে। দেশটির নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটির (কেএইচডিএ) নিবিড় পরিদর্শন ও চূড়ান্ত অনুমোদনের পর অধিকাংশ স্কুল সশরীরে ক্লাস চালু করেছে। তবে শিক্ষার্থীদের ভিড় সামলাতে অনেক প্রতিষ্ঠানে ধাপে ধাপে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে এখনো অনলাইন ক্লাস সচল রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাঠদান শুরুর আগে প্রতিটি ক্যাম্পাসে বিস্তারিত ঝুঁকি মূল্যায়ন, আইনি নির্দেশনা অনুসরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রতিটি স্কুলে নির্ধারিত নিরাপত্তা পদ্ধতি, নিরাপদ স্থানে অবস্থান ও প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার মতো কঠোর প্রোটোকল কার্যকর রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে নির্ধারিত নিরাপদ এলাকা ও সমাবেশ পয়েন্টে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাইব্রিড বা রোটেশনাল পদ্ধতিতে পাঠদানের সুযোগও রাখা হয়েছে, যাতে কোনো জরুরি পরিস্থিতিতেও শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে। যাতায়াতকালীন নিরাপত্তার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন প্রোটোকল অনুযায়ী, যাতায়াতের সময় কোনো সতর্কবার্তা জারি হলে অভিভাবকদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে অবস্থান করে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রাখা হবে এবং অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে না।

সূত্র: খালিজ টাইমস

/এমএকে/