শিরোনাম

ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভে হাজারো মানুষ
তেল আবিবের হাবিমা স্কোয়ারে ইরান-লেবাননের সঙ্গে যুদ্ধ এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইসরায়েলি বিক্ষোভ। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) রাতে উত্তাল হয়ে ওঠে তেল আবিব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান সরকারের কার্যক্রম ইসরায়েলি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি ঘটাচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা জানান, ৭ অক্টোবর ও তার পরবর্তী ঘটনার সত্য জানতে জনগণ বর্তমান ও পরবর্তী সরকারের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছে।

সমাজকর্মী লি হফম্যান-আজিভ জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শুরু করা এ অন্তহীন যুদ্ধে যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সংহতি জানাতেই এ জমায়েত। এছাড়া হাইম ট্রিভ্যাক্স নামের এক বিক্ষোভকারী দাবি করেন, নেতানিয়াহু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মূলত ব্যক্তিগত আইনি জটিলতা ও জেল থেকে বাঁচতেই লেবানন ও ইরানে যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/