শিরোনাম

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক
ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

ইরানের কিছু তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সমুদ্রের বিভিন্ন জাহাজে আটকে থাকা ইরানি তেল বিক্রির অনুমতি দিয়ে একটি সুনির্দিষ্ট ও স্বল্পমেয়াদি নির্দেশনা জারির ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ইরান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে সৃষ্ট বিরূপ প্রভাব নিয়ন্ত্রণে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এটিকে দীর্ঘদিনের মার্কিন নীতির এক বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) বেসেন্ট জানান, এ অনুমতি শুধু বর্তমানে জাহাজে বোঝাই থাকা ইরানে উৎপাদিত অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য। এ অনুমোদন আগামী ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর।

এদিকে ইরানে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে আনার কথা ভাবছি। কারণ, আমরা লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।

বিশ্বে প্রতিদিন যে ১০ কোটি ব্যারেল তেল ব্যবহার হয়, তার পাঁচ ভাগের প্রায় এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে, যা ইরানের উপকূল বরাবর অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই জাহাজ চলাচল এবং জ্বালানি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েই চলেছে।

যুদ্ধের আগে, ইরান থেকে সরবরাহ করা তেলের প্রধান ক্রেতা ছিল চীন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞার কারণে খুব কম দামে এই তেল কিনে নিত বেইজিং।

গত সপ্তাহে রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করার পাশাপাশি নিজেদের কাছে মজুদ থাকা লাখ লাখ ব্যারেল তেলের মজুদও ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এফসি/