শিরোনাম

গৌর-এ-শহীদ ময়দানে ঈদের নামাজ পড়লেন লাখো মুসল্লি

সিটিজেন ডেস্ক
গৌর-এ-শহীদ ময়দানে ঈদের নামাজ পড়লেন লাখো মুসল্লি
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় গোর-এ-শহীদ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। রাতে ঝড়-বৃষ্টি হওয়ার কারণে এ ঈদগাহ ময়দানে মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল।

সকাল থেকেই মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঈদগাহে। সকাল ৯টায় শুরু হয় নামাজ। এখানে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি, মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহদের জন্য মোনাজাত করা হয়।

এ ময়দানে নামাজ শুরুর আগে বক্তব্য দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা জজ মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক নেতারা।

এ সময় দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আমাকে আপনারা নির্বাচিত করেছেন এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবার মাঠে কিছুটা ত্রুটি রয়েছে। আগামীতে আরও সুন্দর পরিবেশে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে। সবাইকে ঈদ মোবারক।

ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দান ২১.৯৯ একর আয়তন বিশিষ্ট। এ ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলীতে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে।

/এসআর/