শিরোনাম

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিক, শিক্ষাবিদসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। তবে এর আগেই ঈদের শুভেচ্ছা বিনিময়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানটি সেখানে করলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর যমুনায় আসেন। সেখানে প্রথমে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তার পাশাপাশি সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ভোর থেকেই যমুনার সামনে মানুষের ব্যাপক সমাগম ঘটে। সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মীসহ নানা পেশার মানুষ সেখানে উপস্থিত হন। সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশপথ খুলে দিলে দ্রুতই ভিড় বেড়ে যায়। একপর্যায়ে জনসমাগম হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়।

ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এরপর প্রধানমন্ত্রী তার গুলশানের বাসায় যাবেন।

যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করছেন তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফেরেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

/এফসি/