শিরোনাম

‘ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে’

সিটিজেন ডেস্ক
‘ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ধস নামবে মার্কিন অর্থনীতিতে’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস ওয়ালার। ছবি: সংগৃহীত

গেল ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যদি আরও কয়েক মাস স্থায়ী হয়, তবে মার্কিন অর্থনীতি প্রত্যাশার চেয়েও বেশি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস ওয়ালার এ কথা বলেছেন। ওয়ালার এমন কথা বলার আগে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল করতে দেবে তারা তবে তেলের দাম পরিশোধ করতে হবে চীনের মুদ্রা ইউয়ানে। ওয়ালারের আশঙ্কা এবং ইরানের সেই কর্মকর্তার কথায় মার্কিন ডলার নিয়ে শঙ্কার মেঘ দেখছেন অনেকে।

ওয়ালার বলেন, ‘ভোক্তারা এখন তাদের গাড়ির গ্যাস ট্যাংকের দিকে তাকাচ্ছেন এবং জ্বালানির আকাশচুম্বী দাম দেখছেন। তারা হিসাব করছেন যে অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তুলনায় জ্বালানি খাতে কত বেশি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। এটি সামগ্রিক অর্থনীতির ওপর তাদের দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে তা এখনই বলছি না, তবে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি দুর্বল করে দিতে পারে।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন অর্থনীতি চাঙা করতে ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানোর জন্য বারবার চাপ দিয়ে আসছেন।

ওয়ালার বলেন, ‘এখন হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এটি দেখে মনে হচ্ছে যে যুদ্ধটি দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে এবং তেলের দাম আরও অনেক দিন চড়া থাকবে। এর ফলে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ আমার আগের ধারণার চেয়েও অনেক বেড়ে গেছে।’

উল্লেখ্য, বর্তমানে ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা উচ্চ শুল্কের প্রভাব এবং দুর্বল হয়ে পড়া শ্রমবাজার পর্যবেক্ষণ করছেন।

/টিই/