শিরোনাম

স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সিটিজেন জার্নাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মূহুর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতের যে কোনো সমস্যা সমাধানের প্রস্তুতি সরকারের রয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ঈদগাহ্ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আপনাদের সকলের সহযোগিতায় এবারের রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়েনি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি। আশা করি, দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে আমরা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন নরসিংদী- ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, পলাশে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, শিবপুরে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জর এলাহী।

এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা।

এদিকে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।

/এসআর/