শিরোনাম

প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান মারা গেছেন

নরসিংদী প্রতিনিধি
প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান মারা গেছেন
মুহাম্মদ হাবিবুল্লা পাঠান

প্রত্নতত্ত্ববিদ ও লোকসাহিত্য সংগ্রাহক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান আর নেই। শনিবার (২১ মার্চ) ঈদের দিন বেলা সাড়ে ১১টায় নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

হাবিবুল্লা পাঠানের বয়স হয়েছিল ৮৭ বছর। স্ত্রী, তিন মেয়ে, পাঁচ নাতি-নাতনিসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবিবুল্লা পাঠান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। দেড় মাস আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি চিকিৎসকের পরামর্শে হাবিবুল্লা পাঠানকে বাড়িতে আনা হয়।

মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের জন্ম ১৯৩৯ সালের ৭ ফেব্রুয়ারি নরসিংদীর বেলাব উপজেলার বটেশ্বর গ্রামে। তার বাবার নাম হানিফ পাঠান ও মা মেহেরুন্নেসা। হানিফ পাঠান ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। বাবার হাত ধরে হাবিবুল্লা প্রত্ন সংগ্রহ এবং গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন।

১৯৫৫ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি বাবার সঙ্গে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থলের গবেষণায় সাহায্য করা শুরু করেন। তাদের প্রচেষ্টায় এ অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপ হয় এবং তারই ধারাবাহিকতায় ২০০০ সালে উয়ারী-বটেশ্বর খননের কাজ শুরু হয়।

২০০৯ সালে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান বাংলা একাডেমির ফেলো নির্বাচিত হন। ২০১৩ সালে সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান লিখিত ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে’ নামক গবেষণাগ্রন্থটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করে। ২০২০ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

মুহাম্মদ হাবিবুল্লা পাঠানের জানাজা শনিবার বাদ আসর বিকাল সাড়ে ৫টার দিকে বটেশ্বর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

/এসআর/