শিরোনাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইউক্রেনে যে সংকটের আশঙ্কা জেলেনস্কির

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ইউক্রেনে যে সংকটের আশঙ্কা জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইউক্রেন শীঘ্রই মিসাইল ঘাটতির সম্মুখীন হতে পারে।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘দীর্ঘ যুদ্ধ’ চলুক। জেলেনস্কি বলেন, ‘এটি ইউক্রেনকে দুর্বল করবে এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পদ ও সমর্থন অন্যদিকে ঘুরে যাবে।’

তিনি আরও বলেন, ‘পুতিনের জন্য ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধ একটি সুবিধা। এর কারণে শুধু জ্বালানির মূল্য বৃদ্ধি নয়, যুক্তরাষ্ট্রের মজুদ ও বিমান প্রতিরক্ষা প্রস্তুতকারকদের উৎপাদনও হ্রাস পাচ্ছে। ফলে আমাদের সম্পদেরও ঘাটতি দেখা দেবে।’

জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতি মাসে ৬০-৬৫টি মিসাইল উৎপাদন করে। কিন্তু ইরানে যুদ্ধে প্রথম দিনেই ৮০৩টি মিসাইল ব্যবহার করা হয়েছে। তিনি সতর্ক করেছেন যে মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ‘নিশ্চিতভাবেই’ দেখা দেবে, যা কিয়েভের জন্য ‘চ্যালেঞ্জ’ তৈরি করবে। ‘মধ্যপ্রাচ্যের সমস্ত মজুত কবে ফুরিয়ে যাবে, তা এখন সবচেয়ে বড় প্রশ্ন,’ যোগ করেন জেলেনস্কি।

মার্চের শুরুতে জেলেনস্কি সতর্ক করেছিলেন যে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্রের সরবরাহ সীমিত। এর আগে তিনি উপসাগরীয় মিত্রদের কাছে ইন্টারসেপ্টর ড্রোন পাঠানোর বিনিময়ে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহের আবেদন করেছিলেন।

সূত্র: সিএনএন

/জেএইচ/