গাজায় ত্রাণবহরের কাছে ইসরায়েলি হামলা, জাতিসংঘের উদ্বেগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গাজায় ত্রাণবহরের কাছে ইসরায়েলি হামলা, জাতিসংঘের উদ্বেগ
যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী একটি কনভয়

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর গাজার জাবালিয়ায় বিমান হামলায় আহত আরেক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাবালিয়া শরণার্থীশিবিরের পশ্চিম অংশে ইসরায়েলি ড্রোন হামলায় হতাহতের খবরও পাওয়া গেছে।

গাজার জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসিতে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহতে জাতিসংঘের একটি জ্বালানিবাহী গাড়িবহরের কাছাকাছি ইসরায়েলি বিমান হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলায় ত্রাণকর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, রাফাহতে রবিবার জাতিসংঘের একটি জ্বালানিবাহী বহরের খুব কাছের একটি স্থানে বিমান হামলা চালানো হয়। এতে সেখানে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের কর্মীদের কাছাকাছি এলাকায় হামলার কারণে, বিশেষ করে জ্বালানিবাহী যানবাহনকে ঘিরে হামলার ঘটনায়, তাঁদের অগ্রহণযোগ্য ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।’

জাতিসংঘের পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান ফারহান হক।

/এমআর/