যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হরমুজে ১০ দিনে ৪০টি সামরিক হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হরমুজে ১০ দিনে ৪০টি সামরিক হামলা
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার পারদ এবার চড়ছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে। গত ১০ দিনে এ জলপথে অন্তত ৪০টি সামরিক হামলার ঘটনা ঘটেছে। সবশেষ ২৪ ঘণ্টায় সামুদ্রিক মাইনের আঘাতে আরও ৫টি তেলবাহী জাহাজ আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত জাহাজগুলো প্রণালির ‘অননুমোদিত পথ’ দিয়ে চলাচল করছিল। তেহরান জানিয়েছে, এ পথ ব্যবহার করতে হলে যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এবং তাদের বেঁধে দেওয়া নিয়ম মেনেই চলতে হবে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টিরও বেশি সামরিক হামলারা ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে পরিস্থিতি সবচেয়ে বেশি নাজুক হয়েছে গত ১০ দিনে। আল-জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, মূলত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর থেকেই এ অস্থিরতা নতুন রূপ নিয়েছে। মার্কিন অবরোধে দেশের অর্থনীতি চাপে পড়ায় তেহরান এখন পাল্টা কৌশল নিয়েছে। উপসাগরীয় অঞ্চল দিয়ে বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করে ওয়াশিংটনকে চাপে রাখতে চাইছে তারা।

যদিও সামরিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখনই সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চাইছে না। এর পরিবর্তে উভয় দেশই একে অপরের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ তৈরির পথ বেছে নিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধের মাধ্যমে ইরানকে কোণঠাসা করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ও নিজেদের শর্তে ছাড় আদায় করতে চাইছে। অন্যদিকে, ইরানও বসে নেই। তারা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা ও হামলার মাত্রা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ সৃষ্টি করছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/