তিন বিভাগেই আমরা পারিনি: শান্ত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
তিন বিভাগেই আমরা পারিনি: শান্ত
নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

ব্যাটিংয়ে দুই ইনিংস মিলিয়ে নেই কোনো ফিফটি। ফিল্ডিংয়েও একমাত্র ইনিংসে একের পর এক ক্যাচ মিস। সব মিলিয়ে বিব্রতকর পারফরম্যান্স। ইনিংস পরাজয়ের পর নাজমুল হোসেন শান্ত অকপটে স্বীকার করলেন, তিন বিভাগেই পিছিয়ে ছিল বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৮৩.১ ওভারে ২০ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে করতে পেরেছে ২৭৫ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিন বিভাগের ব্যর্থতা উল্লেখ করে শান্তকে জিজ্ঞেস করা হয়, দুই দলের পার্থক্য আসলে কোথায় ছিল? অধিনায়ক শান্ত বলেন, ‘আপনিই উত্তর দিয়ে দিয়েছেন... ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- এই তিন জায়গাতেই আমরা ভালো করতে পারিনি। তাই আমার মনে হয়, এই তিন জায়গাতেই আমাদের উন্নতির অনেক জায়গা আছে।’

গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর কোনো সংস্করণেই আর জয় নেই বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বা নাগোয়ায় এশিয়ান গেমস টি-টোয়েন্টিতেও জিততে পারেনি তারা।

সব মিলিয়ে নিজেদের সামর্থ্যেই ঘাটতি দেখছেন শান্ত। তিনি বলেন, ‘সামর্থ্যের তো অবশ্যই কমতি আছে, এটা স্বীকার করতেই হবে। তবে আমরা ভালো ক্রিকেটও খেলেছি মাঝে। নিয়মিত ওই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলাটা জরুরি। ম্যাচে হার-জিত থাকবে। আমাদের একটু খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় আসলে ঘাটতি আছে।’

আগামী জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

/টিই/