বাংলাদেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বাংলাদেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি

বাংলাদেশ, চীন ও ভারতের মতো দেশসহ তদন্তাধীন ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এর মধ্যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এ প্রস্তাব দেয়।

রয়টার্স ও বিবিসির খবরে জানানো হয়েছে, এ নতুন শুল্ক কার্যকর হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেওয়া আগের শুল্ক সিদ্ধান্তগুলোর সঙ্গে তা যুক্ত হবে।

প্রস্তাবিত এ তালিকায় সবচেয়ে বেশি চাপে পড়েছে চীন। দেশটির পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এর পরপরই রয়েছে ভিয়েতনাম, যাদের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশসহ বাকিদের ওপর ১৮ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

বর্তমানে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ শুল্ক রয়েছে। এর আগে জুলাই মাসে জোরপূর্বক শ্রমের পণ্য ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশি পণ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন। তাতে এখন মোট শুল্ক দাঁড়িয়েছে ২৫ শতাংশে। নতুন প্রস্তাব কার্যকর হলে এ হার আরও বাড়বে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বাণিজ্যনীতির ধারাবাহিকতায় আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা এসেছে, এর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর। মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যিক নীতি ও কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছিল হোয়াইট হাউজ। সেই তদন্তের ফল হিসেবেই নতুন শুল্কের এই প্রস্তাব এসেছে।

এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপ অবৈধ বলে আটকে দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। তবে কয়েকটি দেশের সঙ্গে ট্রাম্প শুল্কের সর্বোচ্চ সীমা নিয়ে সমঝোতায় পৌঁছানোয় নতুন তালিকায় কিছু দেশের ক্ষেত্রে শুল্কের হার আগের তুলনায় কম হবে। প্রস্তাবিত শুল্কের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান।

সূত্র: রয়টার্স

/এমএকে/