ইসরায়েলি বসতি নির্মাণে জড়িত ৮ প্রতিষ্ঠানকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইসরায়েলি বসতি নির্মাণে জড়িত ৮ প্রতিষ্ঠানকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
অধিকৃত পশ্চিম তীরের ই১ করিডোর বরাবর অবস্থিত ইসরায়েলি বসতি মালে আদুমিম

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ ও সম্প্রসারণে যুক্ত আটটি প্রতিষ্ঠান এবং গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া একটি ইসরায়েলি আন্দোলনকারী গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শোমরন লিমিটেড এবং এসএজি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। এসব প্রতিষ্ঠান অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ, আবাসন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে জড়িত।

এ ছাড়া গাজায় খাদ্য, পানি ও জ্বালানিবাহী ত্রাণের ট্রাক প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ‘ৎসাভ ৯’ নামের ইসরায়েলি আন্দোলনকারী গোষ্ঠীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকারের ভাষ্য, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথে গোষ্ঠীটি নিয়মিত বাধা সৃষ্টি করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করা তাঁর সরকারের নীতির অন্যতম প্রধান ভিত্তি। এ কারণে ই১ (E1) বসতি প্রকল্পের বিষয়ে তাঁর বার্তা স্পষ্ট। এ প্রকল্পে দরপত্র দেওয়া, নির্মাণকাজ করা কিংবা এর মাধ্যমে লাভবান হওয়া উচিত নয়।

তিনি বলেন, ‘দরপত্র দেবেন না, নির্মাণ করবেন না এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের মাধ্যমে লাভবান হবেন না।’

পশ্চিম তীরে ই১ প্রকল্প বাস্তবায়িত হলে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি জনবসতিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এতে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও সংকুচিত হওয়ার আশঙ্কা করছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ।

/এমআর/