শিরোনাম

যমজ বর, কনে আর পুরোহিতে ভারতে অভিনব বিয়ে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যমজ বর, কনে আর পুরোহিতে ভারতে অভিনব বিয়ে
যমজ কনেরা ছোটবেলা থেকেই অন্য যমজদের বিয়ের করার স্বপ্ন দেখতেন। ছবি: ইটিভি ভারত

কিছু বিয়ে স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে চমৎকার সব সাজসজ্জা কিংবা মিষ্টি সুরের জন্য। তবে ভারতের কেরালা রাজ্যের চঙ্গনাচেরিতে অনুষ্ঠিত একটি বিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে একদমই আলাদা এক বিরল কারণে। এ বিয়ের আয়োজনে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকাতেই ছিলেন যমজরা!

চঙ্গনাচেরির মেট্রোপলিটন চার্চে সেদিন নেমে এসেছিল এক নজরকাড়া দৃশ্য। বর অখিল কে থমাস যখন কনে ম্যাগি মেরি থমাসের হাত ধরে নতুন জীবনের পথচলা শুরু করেন, ঠিক তখনই তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন অখিলের যমজ ভাই নিখিল এবং ম্যাগির যমজ বোন মারিয়া। তবে চমকের গল্প এখানেই শেষ নয়। বিয়ের এই পবিত্র ধর্মীয় রীতি পরিচালনা করেন দুই যমজ পুরোহিত, ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল। এমনকি বেদীতে তাদের সহায়তা করার জন্য দাঁড়িয়ে থাকা দুই সহকারীও ছিলেন যমজ ভাই- জেরন জেমস ও জোহন জেমস।

সবকিছু শুনে কাকতালীয় মনে হলেও, পুরো ঘটনাটির পেছনে ছিল দুটি পরিবারের দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন। কনেরা জানান, ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল যমজ দুই ভাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার। সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করবেন যমজ পুরোহিত। পরিবারের পূর্ণ সমর্থনে সেই স্বপ্ন পূরণ করতেই তারা কোঠানাল্লুরের একটি গির্জার মাধ্যমে শেষপর্যন্ত দুই যমজ পুরোহিতের সন্ধান পান এবং তাদের আমন্ত্রণ জানান।

পেশাগত জীবনে চঙ্গনাচেরির বাসিন্দা জোমল ও কুঞ্জুমন থমাসের দুই ছেলে অখিল ও নিখিল কাজ করেন মার্চেন্ট নেভিতে। অন্যদিকে পাথানামথিত্তার টমিচান ও মেরিকুট্টির দুই মেয়ে ম্যাগি ও মারিয়া কর্মরত আছেন আইটি খাতে। ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের গড়ে তুললেও জীবনের নতুন অধ্যায়টি তারা শুরু করলেন একই সঙ্গে, একই সুতোয় বাঁধা পড়ে।

অনুষ্ঠান শেষে আবেগপ্লুত পুরোহিতেরা জানান, এমন বিশেষ ঘটনার অংশ হতে পেরে তারা সত্যিই আনন্দিত। জন্ম থেকে একসঙ্গে বেড়ে ওঠা, আর এখন নতুন জীবনও একসঙ্গে শুরু- এমন একতা ও ভালোবাসার মুহূর্ত জীবনভর মনে রাখার মতো। আমন্ত্রিত অতিথিদের জন্য এই বিয়েটি ছিল অনন্য এক অভিজ্ঞতার ছোঁয়া। অন্যদিকে. দুই পরিবারের কাছে এটি ছিল শৈশবের সুন্দর এক স্বপ্নের আনন্দময় পূর্ণতা।

সূত্র: এনডিটিভি

/এমএকে/

বিষয়:

ভারতবিয়ে