শিরোনাম

মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ভারতে পাঁচ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ, ভারতে পাঁচ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে মোমের ক্যাপসুলগুলো উদ্ধার হয়

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি স্বর্ণ জব্দ করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা সংস্থা (ডিআরআই)। এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ এবং ৫ জন বাংলাদেশি ট্রানজিট যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ এ অভিযানের নাম ছিল ‘অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক’।

সোমবার (৩১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার (২৯ আগস্ট) পরিচালিত অভিযানে সব মিলিয়ে ৬ কেজি ৮৫০ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণ উদ্ধার করা হয়।

ডিআরআই সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মুম্বাই আঞ্চলিক ইউনিটের একটি দল বিমানবন্দরে নজরদারি বাড়ায়। একপর্যায়ে বিমানবন্দর থেকে বের হওয়ার মুখে এক বেসরকারি বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে মোমের ভেতরে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ ৭টি ক্যাপসুল উদ্ধার করেন কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদে আটক হওয়া কর্মী স্বীকার করেন, ট্রানজিট যাত্রীদের কাছ থেকে স্বর্ণ বুঝে নিয়ে তা বিমানবন্দরের বাইরে পাচার করাই ছিল তার কাজ। তার দেওয়া তথ্যের সূত্র ধরে আন্তর্জাতিক ট্রানজিট এলাকায় তল্লাশি চালিয়ে ৫ জন বাংলাদেশি যাত্রীকে চিহ্নিত করা হয়। পরে তাদের হেফাজত থেকে আরও ৯টি ক্যাপসুল জব্দ করা হয়।

গোয়েন্দাদের তথ্যমতে, পাচারকারী চক্রটি মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল। দুবাই, ব্যাংকক এবং মালে থেকে আসা যাত্রীদের মাধ্যমে মূলত এ চালানগুলো ভারতে নিয়ে আসা হতো। ১৬টি ক্যাপসুলে থাকা মোট ৬ কেজি ৮৫০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি ভারতীয় রুপি। গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চক্রের পেছনে অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী বা বড় নেটওয়ার্ক জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ডিআরআই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএকে/