শিরোনাম

বেসামরিক বিমান চলাচল: ৪২ বছর পর সংশোধিত বিধিমালায় কী থাকছে

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বেসামরিক বিমান চলাচল: ৪২ বছর পর সংশোধিত বিধিমালায় কী থাকছে
বেসামরিক বিমান চলাচল বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

দীর্ঘ ৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা সংশোধন করা হচ্ছে। ১৯৮৪ সালের বিধিমালা সংশোধিত হয়ে বেসামরিক বিমান চলাচল বিধিমালা-২০২৬ প্রণয়ন করা হচ্ছে। সরকার বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বাড়াতে এসব পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিধিমালার খসড়া চূড়ান্তকরণ সভায় এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিমানমন্ত্রী বলেন, নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে। এছাড়া যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিধিমালায় প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে। বিমানবন্দরের ভৌত অবকাঠামোর অগ্নিনিরাপত্তা নিশ্চিতে তিন মাস পর পর পরিদর্শন মহড়া আয়োজন করতে হবে। দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে একটি আন্তর্জাতিক মানের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপস্থিত এয়ারলাইন্সের প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের সহযোগিতায় আমাদের এভিয়েশন হাব তৈরির লক্ষ্য পূরণ হবে। এছাড়া বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, আপনারাই আমাদের মূল অংশীজন। তাই বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে বিধিমালা তৈরিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বেসরকারি এয়ারলাইন্সের সুবিধা বিবেচনায় নিয়ে বিমান রক্ষণাবেক্ষণ সুবিধার বিধানে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিমানের জটিল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ, মেরামত ওভারহলের ক্ষেত্রে জটিলতা নিরসনের পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষার জন্য অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রপ্তানি অনুরোধের কর্তৃত্বপ্রদান সংক্রান্ত বিধি যুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।

সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচক (ক্যাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনসহ সরকারি-বেসরকারি অংশীজন উপস্থিত ছিলেন।

/এফসি/