শিরোনাম

ভারত কখনো গায়ের জোরে বিশ্ব শাসন করেনি: ‌আরএসএস প্রধান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারত কখনো গায়ের জোরে বিশ্ব শাসন করেনি: ‌আরএসএস প্রধান
আরএসএস প্রধান মোহন ভাগবত

ভারত কখনো শক্তি প্রয়োগ করে বিশ্ব শাসন করতে চায়নি, বরং নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার মাধ্যমে বিশ্বগুরুর স্থান অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার (৩০ আগস্ট) কানাডার টরন্টোতে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। উল্লেখ্য, ভারতীয় এ সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধর্মীয় উগ্রবাদ ছড়ানো ও সংখ্যালঘু নির্যাতনের নানা অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, বিপদে পড়া মানুষকে আশ্রয় দেওয়া এবং সব ধর্ম ও ভিন্নমতকে সম্মান জানানোই ভারতের মূল সংস্কৃতি। অতীতেও পৃথিবীর যেকোনো প্রান্তে নির্যাতিত মানুষ হাসিমুখে ভারতে এসে আশ্রয় পেয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের জনগন যখন গৃহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন জামনগরের রাজা তাদের নিজের রাজ্যে আশ্রয় দিয়েছিলেন। ঠিক একইভাবে, কয়েক বছর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ভারতের উদ্ধারকারী বিমান কেবল নিজেদের নাগরিকদেরই নয়, বরং অন্য ৭টি দেশের মানুষকেও নিরাপদে বের করে এনেছিল।

ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে আরএসএস প্রধান বলেন, অতীতে ভারতের মানুষ বিশ্বের নানা দেশে গিয়েছেন, কিন্তু কখনো কোনো দেশ আক্রমণ বা দখল করেননি। তারা বিশ্বকে বিজ্ঞান, চিকিৎসা ও উন্নত জীবনযাত্রার শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতে বহু ভাষা, ধর্ম ও জাতের মানুষের বসবাস এবং এ বৈচিত্র্যই দুনিয়ার আসল সৌন্দর্য। হিন্দু দর্শনের মূল কথাই হলো পুরো পৃথিবীকে একটি পরিবার মনে করা এবং হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের সেবায় কাজ করা।

সূত্র: এনডিটিভি

/এমএকে/